আমি বাংলায় মাতি উল্লাসে,করি বাংলায় হাহাকার

আমি বাংলায় মাতি উল্লাসে,
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার!’
সদ্যপ্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের এই গান আবেগপ্রবণ বাঙালির হৃদয়ের বড়ো কাছের। কিন্তু এই অসময়ে করুণ হাহাকার আর নৃশংস উল্লাসের মধুর সহাবস্থান নিতান্তই স্বাভাবিক ও সমার্থকে পরিণত হয়েছে। দুই বাংলা দ্বেষের হিংস্র আগুনে জ্বলছে। বাড়ছে ঘৃণা, বাড়ছে মাংস পোড়ার গন্ধ। ছাইয়ের স্তুপ জড়ো হচ্ছে গঙ্গা-পদ্মার দুই কূলে। শুধুমাত্র ভাষার টানে কাঁটাতার উপেক্ষা করা দুই জাতি, আজ বাড়িয়ে নিচ্ছে দূরত্বের ব্যবধান। ক্ষেপে গিয়ে চিৎকার আছে, ভাষাটাও হয়ত বাংলা; কিন্তু সঙ্গে মিশেছে বিষ। তবু এই ফেব্রুয়ারীতে এপার বাংলার মাতৃভাষা আন্দোলনের কিছু লড়াই স্মরণ করার সামান্য প্রচেষ্টা, আজকের এইসময়ের পাতায়…