টেম্বা বাভুমা

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ছোট্ট জনপদ ল্যাঙ্গা – স্থানীয় জোসা ভাষায় যার অর্থ ‘সূর্য’। অ্যাপার্থাইডের সেই অভিশপ্ত সময় থেকেই যেখানে কৃষ্ণাঙ্গদের বাস। ৬০-র দশকে কুখ্যাত শার্পভিল গণহত্যার সময় বহু প্রানহানি হয়েছিল এই অঞ্চলেও। সাম্প্রতিক অতীত ছাড়াও উনিশ শতকের শেষের দিকেও এই শহর জুড়ে গড়ে ওঠে গণ-অভ্যুত্থান। ইউরোপীয় উপনিবেশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন ল্যাঙ্গালিবালেলে। ব্রিটিশ সৈন্যরা চুপ করে বসে থাকেনি। অল্পদিনের মধ্যেই গ্রেফতার হন ল্যাঙ্গালিবালেলে। নির্দেশ আসে আজীবন কারাদণ্ডের। ৩০ বছর রবেন দ্বীপে নির্বাসনে কাটান তিনি। পরবর্তীতে পাইনল্যান্ড সংলগ্ন এই জনপদ ‘কোয়া-লাঙ্গা’ বা ‘ল্যাঙ্গালিবালেলের স্থান’ হিসেবে পরিচিত হয়। সংক্ষেপে ল্যাঙ্গা। বলা বাহুল্য আজও বহু রক্তাক্ত আর্তনাদের সাক্ষ্য বহন করে চলেছে এই আদিম জনপদ। এই জনপদ আঁকড়েই সূর্যোদয় দক্ষিণ আফ্রিকার আরেক বিপ্লবীর, টেম্বা বাভুমা।