টেস্ট ক্রিকেট সত্যিই জীবনের সমান্তরাল

টেস্ট ক্রিকেট সত্যিই জীবনের সমান্তরাল। যেখানে প্রতিনিয়ত নীরবে লেখা হয় প্রান্তজনের স্বরলিপি। ওই যে লর্ডসের পিচে প্লেড অন হয়ে যাওয়া বল ধীর গতিতে এগিয়ে যাচ্ছে উইকেটের দিকে, সামান্য বাউন্স, ভূপতিত বেল, স্টোকসবাহিনীর বিভীষিকাময় উৎসব নাড়িয়ে দিচ্ছে অন্তরাত্মা। ধ্বংসস্তুপে ছাইয়ের গাদা সম্বল বুকে বসে আছেন সিরাজ। চোখে জল। ওই উঠছেন। তাঁকে উঠতে হবেই। টুইটে নাম না থাকলেও উঠতে হবে। খারাপদিনে বুক-পেটে দাগ বসিয়ে দেবে সোশ্যাল মিডিয়ার নো-বল, উপমহাদেশের পৃথিবীতে ধর্মের নামে দেশদ্রোহী তকমা ‘তুচ্ছ’ বিষয়। তবু তিনি উঠবেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কৌলীন্য তাঁর জন্য বরাদ্দ নাহলেও তিনি ঘুরে দাঁড়াবেন। সাদা জার্সি কাপড়ে বল ঘষে পিছিয়ে যাবেন বোলিং এন্ডের দিকে। দৌড়ে এসে উড়িয়ে দেবেন ক্রলি কিংবা অ্যাটকিনসনের স্টাম্প। সম্পূর্ণ করবেন জীবনবৃত্ত। তারপর? মহাকাব্যিক কামব্যাক, সাহস ও বীরত্বের অবিশ্বাস্য আখ্যান। আদতে জীবন সত্যিই টেস্ট ক্রিকেটের মত। প্রতিনিয়ত শেষ হতে থাকা পৃথিবীতে বেঁচে থাকার লড়াই!