মেসি নীল-সাদা গায়ে মাঠে নামলে আজও আমার শহরে উৎসব নেমে আসে!

‘অ্যান্ড আর্জেন্টিনা আর অ্যালাইভ’– মেক্সিকো ম্যাচে পিটার ড্রুরির সেই কাব্যিক ধারাভাষ্য, যা আমাদেরও দ্বিতীয়বার বাঁচিয়ে দিল। শেষবার অনন্ত জীবনের উদ্দাম উদযাপন মিশেছে বটগাছতলা, সংহতি ক্লাব পেরিয়ে ওবেলিস্কোর দু’পাশের ব্যস্ত সড়কে। খাদের কিনারে দাঁড়ানো স্ক্যালোনির আর্জেন্টিনার ফিরে আসা। স্বপ্ন বোনা সহস্র রাত জাগা চোখ। যেভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল খনির গভীরে আটকে থাকা শ্রমিক। যেভাবে ক্ষমতার নির্লজ্জ আস্ফালনের থেকে বাঁচতে চেয়েছিল লাঠির ঘা খাওয়া যোগ্য চাকরিপ্রার্থীরা। যেভাবে দিল্লির প্রবল শীতে মার খেতে খেতে হাতে লাঠি তুলে নিয়েছিল বিক্ষুব্ধ কৃষক। যেভাবে গাজার ধ্বংসস্তূপ থেকে শেষ আর্তনাদটুকু অস্ফুটে বেরিয়ে এসেছিল বিমর্ষ পিতার মুখ দিয়ে।
আমার সব না পাওয়ার স্বাক্ষী লোকটাকে আজ জন্মদিনে উপহার দেওয়া পুরোনো কিছু অক্ষর, যা পৌঁছবে না কোনোদিন। তবু আর কিইবা দিতে পারি!