নেহা বোরা এক্সক্লুসিভ

একটা দেশ। যে দেশ নিপীড়িত, নির্যাতিত, অবদমিত মানুষের। তবু সেই দেশে কেউ কেউ লড়ে যায় সময়ের দাবী মেনে। যে দেশে প্রতি ১৮ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ২৪ শতাংশ নাবালিকা যে দেশে বাল্যবিবাহের শিকার। তবু সেই দেশই রাত জাগে রাস্তায়। নিজের অধিকারের দাবীতে। কল্পনা দত্তের দেশ, প্রীতিলতার দেশ আবার নির্ভয়ারও দেশ। মানচিত্রে বিভাজন দানা বাঁধে। চওড়া হয়। আবার দীর্ঘ ছায়াপথ পেরিয়ে মানুষ হেঁটে যায় সেই ভাঙা দেশ জুড়তে। পিতৃতন্ত্রের মূল স্বরে আঘাত হানে শতসহস্র বেঁচে যাওয়া ভ্রূণ। প্রশ্ন করে, করে সংগ্রাম। তারপর একদিন মুষ্টিবদ্ধ হাত সবটুকু ছিনিয়ে নেয় নিজের দাবীতে। রাস্তাই তাঁদের নামের স্মারকলিপি। হতে পারে কারুর নাম নেহা। উত্তরাখন্ডের আদ্যপান্ত রক্ষণশীল পরিবার থেকে উঠে আসা এক মেয়ে। বাম রাজনীতি বেছে নেওয়ার ‘দোষে’ পরিবার মুখ ঘুরিয়েছে কবেই। তাই মেয়েটা গোটা দেশের কাছে আশ্রয় নিল। যে দলে ধর্ষণ করেও বিধায়ক হওয়া যায়, তাঁদের বিরুদ্ধে লড়ে যাওয়ার শপথ নিল। এ দেশ এমনই বহু মেয়ের। যারা অধিকাংশই জেতে না, হেরে যায় প্রায়শই। তবু শাড়ির আঁচলে ঘাম মুছে আবার উঠে দাঁড়ায়। মুখগুলো বদলে যায়, লড়াইগুলো একই থাকে…